
পারভেজ আহমেদ, নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর বেলাবো উপজেলায় এক প্রীতি ফুটবল ম্যাচ পরিণত হলো ভয়াবহ সংঘর্ষে। শনিবার দুপুরের বেলাবো গাল স্কুল মাঠে চরবেলাব ও মাটিয়ালপাড়া এলাকার যুবকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে প্রাণ হারান সাইফুল (২৬)। আহত হয়েছেন অন্তত ৫০ জন, যাদের মধ্যে ১০ জন পুলিশ সদস্যও রয়েছেন। নিহত সাইফুল চরবেলাব গ্রামের জীবন মিয়ার ছেলে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ম্যাচ চলাকালে গ্যালারিতে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ায়। খেলার ফলাফলের বিরোধ নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। পরবর্তীতে আজও দুই পক্ষের লোকজন এই বিষয় নিয়ে তর্কাতর্কিতে জড়ায় যা মুহূর্তেই রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। লাঠি, ইট-পাটকেল এবং দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলে পড়ে দুই পক্ষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে হস্তক্ষেপ করে ব্যর্থ হলে ছোড়ে রাবার বুলেট ও ফাঁকা গুলি। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় ক্লিনিক ও জেলা হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, “পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছিল। পুলিশ দ্রুত হস্তক্ষেপ না করলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত। আমরা কয়েকজনকে শনাক্ত করেছি, ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
মন্তব্য করুন